জয় লাহা, দুর্গাপুর, ১৬ এপ্রিল: কাঁকসায় প্রচারে এসে আবারও দলিতের বাড়িতে চা পান করবেন বাঙ্গালি জামাই তথা বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
আজ শুক্রবার, পানাগড়ে গলসীর বিজেপিপ্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থনে রোড’শো আছে। ওই রোড শোতে থাকবেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন বিকাল সাড়ে ৩ টায় পানাগড় রনডিহা মোড় থেকে শুরু হবে রোড-শো। তার আগে কাঁকসার মাধব মাঠে ছোট্টু বাগদী নামে এক বিজেপিকর্মীর বাড়িতে চা’জলপান করবেন জেপি নাড্ডা। বিশ্বের সর্ব বৃহৎ দলের সর্ব ভারতীয় সভাপতি এলাকায় আসার খবর চাউর হতেই সাজোসাজো রব।

গোটা এলাকায় দলীয় পতাকায় মুড়ে ফেলে ফেলেছে বিজেপিকর্মীরা। একইসঙ্গে চরম উৎসাহি ছোট্টু বাগদী। সকাল থেকে জোর প্রস্তুতি শুরু করেছেন। উল্লেখ্য, ছোট্টু বহু পুরোনো বিজেপি কর্মী। কাঁকসা পঞ্চায়েতের ৬৪ নং বুথে নয়নশুকতলায় বাড়ি। মাটির বাড়ি। পেশায় কাঠমিস্ত্রী। অভাব অনটনে কোনওভাবে সংসার চলে। এদিন তিনি বলেন,”প্রথমে দুপুরে মধ্যাহ্ন ভোজন করার কথা ছিল। কিন্তু সময় কম থাকায় সেটা বদল হয়েছে। চা খাবেন। সেই মতো চা, বিস্কুট, ভুজিয়ার ব্যাবস্থা করা হয়েছে।” ছোট্টুর স্ত্রী লক্ষ্মীদেবী জানান, “খুবই খুশী। নিজের হাতে চা তৈরী করে খাওয়াবো।” তবে দলের সভাপতিকে কাছে পেয়ে কি জানাবেন প্রশ্ন করতেই ছোট্টু তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে জানান, “বিজেপি করায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়নি রাজ্যের শাসকদল। জোটেনি স্বচ্ছভারত মিশেনের শৌচাগার। গত দেড় বছর ধরে এলাকায় ১০০ দিনের কাজ দেয়নি। আমাদের মতো তপশিলি জাতিদের যেভাবে বঞ্চনা করছে, তাই তৃণমূলের এই অপশাসন থেকে মুক্তি চাই। আর রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক, এটাই চাই।”

