নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ জুন:
জেপি নাড্ডার বৈঠকে বক্তার তালিকায় ঠাঁই হলো না কৈলাস বিজয়বর্গীয়র। আগামীকাল রাজ্য বিজেপির কার্যকারিনী বৈঠক। সেই বৈঠকে ভার্চুয়ালি হাজির থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই বৈঠকে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে বক্তার তালিকায় রাখা হয়নি বলে দলীয় সূত্রে খবর।
মঙ্গলবার সকাল ১১ টার পর শুরু হচ্ছে বিজেপির কার্যকারিনী বৈঠক। বৈঠকে রাজ্য নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। তবে বৈঠক নিয়ে রাজ্যের মূল পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে এখনও কিছু জানানো হয়নি বলে সূত্রের খবর। বৈঠকে উপস্থিত থাকার জন্য বিধায়ক, সাংসদ ও রাজ্য কমিটির সদস্যদের কাছে চিঠি গিয়েছে। চিঠি গিয়েছে জেলা সভাপতিদের কাছেও।
বিধানসভা ভোটের পর রাজ্যে শক্তি হারাচ্ছে বিজেপি। প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক চলছে। এই সময়ে দলকে ধরে রাখতে চাই ভোকালটনিক এবং আন্দোলনের দিশা, যা আগামীকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি দলীয় নেতাদের দেবেন বলে মনে করছেন বিজেপির শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনে হারার পর এই প্রথম রাজ্য বিজেপি নেতাদের মুখোমুখি হবেন জেপি নাড্ডা। কিন্তুু তাঁর কর্মসূচিতে কৈলাস বিজয়বর্গীয়র থাকা নিয়ে শুরু হয়েছে বিজেপির অন্দরে জল্পনা। রাজ্য বিজেপির একাংশ আবার বলতে শুরু করেছেন আগামীকাল বৈঠকের পরে এরাজ্যে বিজেপির নতুন পর্যবেক্ষক ঠিক হয়ে যাবে। তবে দলীয় সূত্রে খবর, আগামীকালের রাজ্য কমিটির বৈঠকে বিজয়বর্গীয়র কার্যকলাপ নিয়ে ঝড় তুলবেন অনেক নেতাই। তাঁকে বাংলার পর্যবেক্ষকের থেকে বাদ দেওয়ার জন্য বৈঠকে সরব হবেন বহু নেতা।

