কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মার্চ:
বাংলাকে কুশাসন মুক্ত করার কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাটের সমর্থনে মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি ঘাটালে রোড শো করেন। কুশপাতা স্টপেজ থেকে কলেজ মোড় পর্যন্ত এই রোড শোয়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

জেপি নাড্ডা বলেন, রাজ্যে কাটমানির সরকার চলছে। কুশাসন মুক্ত করে সোনার বাংলা তৈরি করবে বিজেপি। তাই রাজ্যে পরিবর্তন আনতে হবে। পশ্চিমবাংলার গুন্ডারাজ সরকার আর নয়। তিনি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন মহাপুরুষের নাম উল্লেখ করে বলেন, বাংলার সংস্কৃতি নষ্ট করছে তৃণমূল সরকার। এই সংস্কৃতিকে রক্ষা করার জন্য বাংলার বিজেপি সরকার পরিবর্তন প্রয়োজন। তিনি গরিব মানুষের স্বার্থে রেশন সহ কেন্দ্রীয় সরকারের কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি পশ্চিমবঙ্গের পিসি ভাইপোর সিন্ডিকেট রাজ সরকারের অবসানের ডাক দেন। গতবছর কোভিড অতিমারি পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য রেশনের টাকা রাজ্য সরকার নয়ছয় করেছে বলে জেপি নাড্ডা বলেন। তিনি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জিতিয়ে আচ্ছি সরকার বানানোর প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পরিবর্তনের বাংলায় মানুষ সম্মান নিয়ে বাঁচতে পারবে। পশ্চিমবঙ্গে বিজেপির সুশাসনের সরকার থাকবে।


