আমাদের ভারত, হাওড়া, ২১ ফেব্রুয়ারি: দীর্ঘদিন সিনেমা জগৎ থেকে বিছিন্ন। যদিও গ্রাম থেকে শহর সকলের কাছে এখনও গ্রামের ছেলে হীরু নামে পরিচিত। আর সেই জয়কে এবার সিনেমার হাল হকিকৎ নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানালো ন্যাশানাল ফ্লিম ডেভলপমেন্ট কর্পোরেশন। সোমবার কলকাতার একটি নামী হোটেলে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য জয় বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, এই আলোচনা সভায় জয়ের সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
আলোচনা সভায় আমন্ত্রণ পাওয়ায় খুশি জয় জানান, তাঁকে আমন্ত্রণ জানানোয় তিনি আয়োজক সংস্থার প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, একজন সফল অভিনেতা হিসেবে আমি সবসময় চাই বাংলার সিনেমার উন্নতি হোক। বাংলা সিনেমার উন্নতির জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত।
অন্যদিকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআই নোটিশ দেওয়া প্রসঙ্গে জয় বলেন, সিবিআই একটি স্বাধীন সংস্থা। তারা কয়লা খাদান, গরু পাচার নিয়ে নির্দিষ্ট তথ্য পেয়েছে বলেই নোটিশ দিয়েছে। দুর্নীতির সাথে বিজেপি কোনওদিন আপোষ করেনি আর করবেও না।
এদিন উলুবেড়িয়া লোকসভা এলাকায় দলের সাফল্য সম্পর্কে জয়ের বক্তব্য, মানুষ পরিবর্তন চাইছে। আর সেটা উলুবেড়িয়াতেও হবে। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে পরাজিত হলেও এই কেন্দ্রকে পাখির চোখ করে আদা জল খেয়ে মাঠে নেমেছিলেন জয়। কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন জয় গৃহবন্দী।

