খড়দহ উপ নির্বাচনে ফের প্রচারে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী জয় সাহার

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ অক্টোবর:
খড়দহ বিধানসভা উপ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে। মঙ্গলবার বিকেলে খড়দহ ৫৬ নম্বর বাসস্ট্যান্ডে শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে প্রচার মঞ্চ তৈরি করার সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী জয় সাহা ও ভাটপাড়ার বিধায়ক পবন সিং। অভিযোগ, মঙ্গলবার সকালে বিজেপি সভা মঞ্চ তৈরি করতে গেলে ডেকরেটার্সের লোকজনকে মঞ্চ বাঁধতে বাধা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন বিজপি প্রার্থী জয় সাহা ও ভাটপাড়ার বিধায়ক পবন সিং। তারা সবার সাথে কথা বলে পরিস্থিতি সামাল দিলে আবার মঞ্চ বাঁধার কাজ শুরু হয়।

এই বিষয়ে প্রার্থী জয় সহ বলেন, “তৃণমূল ধমকে চমকে তাদের প্রচার বন্ধ করতে চাইছেন। কার্য কর্তাদের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে তৃণমূলের হার্মাদ বাহিনী।”

অপর দিকে এই বিষয়ে খড়দহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক জানিয়েছেন, “এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই জড়িত নয়। আসলে বিজেপির তো কোনও অস্তিত্বই নেই, তাই বিজেপি প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে মানুষের কাছে। ভেদাভেদের রাজনীতি, গুলি বন্দুকের রাজনীতি মানুষ পছন্দ করে না।”

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী জয় সাহার হয়ে প্রচারে আসলে করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম অনুযায়ী প্রচার না করায় প্রচারে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছিল। যার ফলে সোমবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিটি রোডে। পরে ৫ জন করে বিজেপি কর্মীদের প্রচারের জন্য ছেড়ে দেন পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *