১০০ দিনের কাজের সুপারভাইজার বাতিলের বিরুদ্ধে সরব ‘জয় কিষান আন্দোলন’

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৮ ফেব্রুয়ারি: ১০০ দিনের কাজের সুপারভাইজারদের কাজের নিশচয়তার দাবিতে সোমবার কুলতলির বিডিও-র কাছে স্মারকলিপি দেয় ‘জয় কিষান আন্দোলন’।

সংগঠনের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, “কুলতলি ব্লকে বহু বছর ধরে ১০০ দিনের কাজের সুপারভাইজার হিসাবে কাজ করছেন এমন মহিলাদের হঠাৎ কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, তাদের প্রশিক্ষণে ডাকা হয় না। খবর পেয়ে জয় কিষান আন্দোলন সোমবার বিডিও-র সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয়। অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানায়।

পুরো ব্যাপারটা জানার পরে বিডিও আশ্বাস দিয়েছেন যে উনি লিখিত আদেশ জারি করবেন যে কোনও সুপারভাইজারকে কাজ থেকে সরানো যাবে না। সকলকে কাজ দেওয়া হবে। ১০০ দিনের কাজের আইন মোতাবেক এই সুপারভাইজাররা সকলেই মহিলা এবং তাদের আর্থিক ভাবে স্বাবলম্বি করার কর্তব্য রাষ্ট্রের। গ্রামীণ কৃষক পরিবারের মহিলাদের অধিকারের লড়াইয়ে জয় কিষান আন্দোলন সর্বদা পাশে থাকবে এবং আপসহীন লড়াই লড়বে।”

সংগঠনের তরফে অভীক সাহার এই বিবৃতির প্রেক্ষিতে এ ব্যাপারে সংশ্লিষ্ট বিডিও বীরেন্দ্র অধিকারী এই প্রতিবেদককে বলেন, “সুপারভাইজার কোনও এলাকায় কত হবে, তার একটা নির্দিষ্ট ভিত্তি থাকে। আমার এলাকায় ১৫৪ জন সুপারভাইজার থাকার কথা। গ্রামপঞ্চায়েতের পাঠানো তালিকার ভিত্তিতে আমরা তিন পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। জয় কিষান আন্দোলন-এর অভিযোগ কিছুটা ঠিক। যে সব সুপারভাইজার কাজ করছেন, তাঁদের বাদ দিয়ে প্রশিক্ষণের নতুন নাম ঢোকানো উচিত নয়। আমি লিখিতভাবে তা পঞ্চায়েতকে জানিয়েছি। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *