পানীয় জলের দাবিতে বিক্ষোভের ছবি তুলে ঘাটালে নিগৃহীত সাংবাদিক

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ মে:
পানীয় জলের দাবিতে বিক্ষোভরত বাসিন্দাদের  ছবি তোলার সময় ঘাটালের একটি নিউজ পোর্টালের চিত্র সাংবাদিকের প্রহৃত হওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ, ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর ও পার্বতীচক এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে পানীয় জল পাচ্ছেন না। এজন্য সোমবার সকালে বরকতিপুরে পঞ্চায়েত প্রধান রাত্রি পণ্ডিতের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের সেই ছবি তোলেন গোপাল কারক নামে ঘাটালের ওই পোর্টালের সাংবাদিক। ওই সময় পঞ্চায়েত প্রধানের স্বামী প্রসেনজিৎ ছাতি এসে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ঘুষি- কিল- চড় মারেন, এমনকি জুতো দিয়েও মারতে উদ্যত হন বলে অভিযোগ। এইভাবে সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা  স্থানীয় মানুষজন মেনে নিতে না পেরে প্রতিবাদ করেন এবং তাকে মারমুখী প্রসেনজিতের হাত থেকে রক্ষা করেন।


     
সাংবাদিককে মারধর করার ঘটনা জানাজানি হতেই এলাকায় নিন্দার ঝড় ওঠে। তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিষ হুদাইৎ ঘটনার তীব্র নিন্দা করে বলেন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা আমরা দলীয়ভাবে খোঁজ নিচ্ছি। ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার পর নিগৃহীত সাংবাদিক ঘাটাল থানায় অভিযোগ জানিয়েছেন। 

ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক জানিয়েছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
     
নিগৃহীত সাংবাদিক গোপাল কারক বলেন, গঠনমূলক এবং উন্নয়নমূলক সংবাদের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ তুলে ধরা সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব বলে মনে করি। মারধর কিংবা হুমকি কোনো কিছুই আমাদের দায়িত্ববোধ থেকে বিচ্যুত করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *