পুলিশ ভেরিফিকেশনে আটকে যেতে পারে চাকরি, অগ্নিপথ আন্দোলনকারীদের সতর্ক করলেন বায়ুসেনা প্রধান

আমাদের ভারত, ১৮ জুন: ভারতীয় সেনায় চুক্তি ভিত্তিক নিয়োগের প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় দেশের প্রায় ১৩টি রাজ্যে বিক্ষোভের আগুন জ্বলছে। কোথাও ট্রেনে আগুন, কোথাও স্টেশন ভাঙ্গচুর কোথাও আবার পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি। বিক্ষোভের ঘটনার মধ্যেই এই প্রকল্পে নিয়োগ নিয়ে বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতেও বিক্ষোভ আঁচ কমেনি। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিলেন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী।

বায়ুসেনা প্রধান বলেছেন, সেনায় নিয়োগে ইচ্ছুক যুবকরা যদি অগ্নিপথের বিরোধিতায় হিংসাত্মক আন্দোলনে জড়িয়ে পড়েন তাহলে ভবিষ্যতে চাকরি পেতে সমস্যায় পড়তে হতে পারে তাদের। তাঁর দাবি, হিংসাত্মক আন্দোলনে যোগদানের ফল ভোগ করতে হতে পারে তাদের। ভিআর চৌধুরী বলেন, “আমরা এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের নিন্দা করছি। এটা সমাধানের পথ নয়। সেনায় চাকরি পাওয়ার শেষ ধাপ পুলিশ ভেরিফিকেশন। সেখানে এইআন্দোলনকারীরা ছাড়পত্র নাও পেতে পারেন।

এয়ার চিফ মার্শাল চৌধুরী অগ্নিপথ প্রকল্পকে একটি ভালো পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর মতে যে সমস্ত তরুণের এই প্রকল্প নিয়ে প্রশ্ন আছে তারা নিকটবর্তী সেনাছাউনি, বায়ু সেনা, ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে যেতে পারেন। সেখানেই তারা সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। বায়ুসেনা প্রধান মনে করছেন আন্দোলনকারী তরুণরা প্রকল্প সম্পর্কে পুরোপুরি জানেন না। অর্ধেক জেনেই তারা আন্দোলনে নেমে পড়ছেন। পুরো প্রকল্পটি তারা বুঝতে পারলে এই নিয়ে পথে নামবেন না।

বায়ুসেনা প্রধান জানাচ্ছেন, অগ্নিপথ প্রকল্পটি নিয়ে গত দুই বছর ধরে ভাবনাচিন্তা চলছে। এর উদ্দেশ্য হল সশস্ত্র বাহিনীর গড় বয়স কে ৩০ থেকে ২৫ বছরে আনা। বায়ুসেনা প্রধান বলেন, দেশজুড়ে আন্দোলন স্তিমিত হওয়ার কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না। শুক্রবারের পর শনিবার এই দেশের বিভিন্ন অংশে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এখনো জ্বলছে বিহার। এই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের ভবিষ্যতে সেনায় চাকরি পেতে সমস্যা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *