গর্ভবতী মা থেকে সদ্যোজাতদের এইডস সংক্রমণ রুখতে ঝুমুর- বাউল গান ও ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতার প্রচার পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২৩ আগস্ট: গর্ভবতী মা থেকে সদ্যোজাতদের যাতে এইচআইভি রোগ না ছড়ায় তার জন্য তৎপর হল পুরুলিয়া জেলা স্বাস্থ্য দফতর। আজ এই বিষয়ে সচেতনতা বাড়াতে এক সপ্তাহের বিশেষ অভিযান শুরু করল এই দফতরের অধীনস্থ এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা। এইডস সংক্রমণ রুখতে ঝুমুর, বাউল গান ও ছৌ নৃত্যের মাধ্যমে সচেতনতার প্রচার এক সপ্তাহ ধরে পুরুলিয়া জেলা জুড়ে চলবে বলে জানান সংস্থার প্রোগ্রাম ম্যানেজার দেবযানী খাঁ।

আজ জন সচেতনতার উদ্দেশ্যে বেলুন গুচ্ছ উড়িয়ে ও তিনটি ট্যাবলোর যাত্রা সূচনা হয় পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর চত্বর থেকে। সেখানেই ঝুমুর গানে প্রচার ও সচেতনতা বাড়ানোর বার্তা দেন শিল্পী ও কলাকুশলীরা। অন্যতম জেলা স্বাস্থ্য সহকারী আধিকারিক ডা: স্বপন সরকার বলেন, “পশ্চিমবঙ্গ সরকার মায়ের থেকে সন্তানের এইচআইভি ও সিফিলিসের সংক্রমণ প্রতিরোধ করতে অঙ্গীকার বদ্ধ। এই লক্ষ্যে প্রাতিষ্ঠানিক প্রসবের আগে সন্তান সম্ভাবাদের এইচআইভির জন্য রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।”

প্রোগ্রাম ম্যানেজার দেবযানী খাঁ বলেন, “জেলায় গত দু বছরে মায়েদের এইচআইভি ধরা পড়লেও ১৬ জন শিশুর তা সংক্রমিত হয় নি। ওদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *