অমরজিৎ দে, ঝাড়গ্রাম ১ মার্চ: জঙ্গলমহলে ভোট প্রথম দফায়। সেই মতো ঝাড়গ্রাম জেলাজুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ।সোমবার রুট মার্চে এসে এলাকার প্রত্যন্ত মানুষের সঙ্গে কথা বললেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়। সকলকে নিজের ভোট নিজেকে দিতে বলেন। কোনও সমস্যা হলে পুলিশকে জানানোরও কথা বলেন তিনি।

উল্লেখ্য, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করার লক্ষ্যে, এবং ভোটারদেরকে বুথমুখী করতে উদ্যোগী পুলিশ প্রশাসন। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের রান্টুয়া বাজার, জোড়াকুসমা, গুন্ডুরঘুরা, হাতিপাতা ও খড়িপাড়িয়া এলাকায় সকাল থেকে রুটমার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়, গোপীবল্লভপুরের সিআই মুকুল মিয়া, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি সহ সিআরপিএফের ১৮৪নং ব্যাটালিয়নের জওয়ানরা। জেলা পুলিশ সুপার বাজারে ও বাড়িতে গিয়ে মানুষের সাথে কথা বলে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান। কোথায় কিভাবে ভোট দেন এবং কোনও সমস্যা হয় কি না সে ব্যাপারে খোঁজ নেন।

পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘আমরা ২২ ফেব্রুয়ারি থেকে ঝাড়গ্রামের ৯টি থানার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ করছি। যে সমস্ত বাহিনীরা ঝাড়গ্রামে আগে থেকেই ছিল তাদের নিয়েই রুটমার্চ চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে এই রুটমার্চ চলবে।’ রুটমার্চ করার পরেই ফিরে যান পুলিশ সুপার। তারপরেই কেন্দ্রীয় বাহিনীর ১২জন জওয়ান এবং বেলিয়াবেড়া থানার এক পুলিশ আধিকারিক হাতিপাতা ও খড়িপাড়িয়া গ্রামে রুটমার্চ করেন।

