অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ জুন:
ঝাড়গ্রাম শহরকে পলিথিন ও থার্মোকল মুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বুধবার সকাল থেকেই পলিথিন ও থার্মোকলের বিরুদ্ধে অভিযান শুরু করল ঝাড়গ্রাম পৌরসভা। ঝাড়গ্রাম পৌরসভার পক্ষ থেকে পৌরসভার উপ পৌরপ্রধান সুখী সরেনের নেতৃত্বে পৌরসভার আধিকারিকরা ঝাড়গ্রাম জুবলি মার্কেটের মাছ পট্টি, সবজি পট্টি সহ বিভিন্ন এলাকায় গিয়ে পলিথিন ও থার্মোকল ব্যবহার করতে ব্যবসায়ীদের নিষেধ করেন। সেই সঙ্গে ক্রেতাদেরও তারা সতর্ক করেন। কেউ পলিথিন ও থার্মোকল ব্যবহার করবেন না। পরিবেশকে সুন্দর রাখতে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দূষণমুক্ত ঝাড়গ্রাম গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাই ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় ঝাড়গ্রাম পৌরসভার পক্ষ থেকে পলিথিন ও থার্মোকলের বিরুদ্ধে অভিযান অব্যাহৃত থাকবে বলে পৌরসভার উপ পৌরপ্রধান সুখী সরেন জানান।

তিনি আরো বলেন, যে পরিবেশ দূষণের হাত থেকে নিজেদের পরিবেশকে ও নিজেকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পলিথিন ও থার্মোকল ব্যবহারের পর সেগুলি যত্রতত্র ফেলা হয়। বিভিন্ন ড্রেনেও ফেলা হয় যার ফলে সমস্যা দেখা দেয়। পরিবেশ দূষিত হয়। তাই পৌরসভার পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে পলিথিন ও থার্মোকল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের পলিথিন ও থার্মোকল বিক্রি করতে নিষেধ করা হয়েছে। পৌরসভার নিষেধ অমান্য করলে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।


