অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ জুলাই:
করোনা অতিমারির মধ্যেও ঝাড়গ্ৰাম জেলার সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ১৫০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল ঝাড়গ্ৰাম জেলা পুলিশ। শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকারের নেতৃত্বে এই মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশের সূত্র মারফত জানা গেছে, এ পর্যন্ত জেলার ১১৫০টি মোবাইল সাফল্যের সাথে উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দিয়েছে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ। শুরুটা হয়েছিল ২০১৯ সালে যা ধারাবাহিক ভাবে এই নিয়ে তৃতীয় বছরে পদার্পণ করল ঝাড়গ্ৰাম জেলা পুলিশের মোবাইল প্রত্যার্পণ কর্মসূচি। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, জেলায় কারো মোবাইল খোয়া যাওয়ার পর স্থানীয় থানায় যে ডায়রি জমা পড়ে তার ভিত্তিতে ২০১৯ সালে জেলায় ৫৫০টি, ২০২০ সালে ৪৫০টি এবং ২০২১ সালে এই প্রথম ১৫০ টির বেশি মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়া হল।

ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানান, এই করোনা পরিস্থিতিতে কর্মসূচিটি করা ঝাড়গ্ৰাম জেলা পুলিশের পাশে খুবই চ্যালেঞ্জের ছিল। কিন্তু সম্পূর্ণ শারীরিক দূরত্ব বিধি রক্ষা করে কর্মসূচি সম্পন্ন হয়েছে। আর যাদের মোবাইল খোয়া গিয়েছিল তাদের
মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। ঝাড়গ্ৰাম জেলা পুলিশের উদ্যোগ মোবাইলগুলি ফিরে পেয়ে খুব খুশি সকলে।

