সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ অক্টোবর: একের পর এক বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় মন্দিরে চুরির ঘটনায় জনমানসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।কালীপুজোর পরের দিন রাতে সোনামুখীর তিনটি মন্দিরের দরজা ভেঙ্গে দুঃসাহসিক ভাবে দেবী প্রতিমার গয়না চুরির রেশ কাটতে না কাটতেই ফের কোতুলপুরে কালী মন্দিরের দরজা ভেঙ্গে প্রতিমার গয়না চুরি করে পালায় দুষ্কৃতীরা।
কোতুলপুরের আহিড়েরপাড় এলাকায় এই ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে। আজ সকালে স্হানীয় বাসিন্দারা মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখে মন্দিরের দরজায় লাগানো চাবি ভাঙ্গা। মন্দিরের জিনিস পত্র সব ছড়ানো।তখনও পর্যন্ত কেউ ভাবতে পারেনি যে দেবীর গয়না চুরি হতে পারে। দেবী মূর্তির দিকে নজর দিতেই সবাই তাজ্জব। দেবীর সমস্ত গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
এই খবর চাউর হতেই মন্দিরের সামনে ভিড় জমে যায়। এলাকার মহিলারা বিহ্বল হয়ে কাঁদতে শুরু করেন।বিষয়টি জানাতে কোতুলপুর থানায় হাজির হন এলাকার বাসিন্দারা।পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে।

