মেদিনীপুরে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা জওয়ানের 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: প্রেমিকার বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে সফল না হয়ে ভোজালি দিয়ে প্রেমিকা সহ তার পরিবারের লোকেদের খুন করার চেষ্টা করলেন প্রেমে প্রত্যাখাত এক বিএসএফ জওয়ান। তার বাড়ি মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় বলে পুলিশ সূত্রে জানাগেছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মেদিনীপুর শহরের পাটনাবাজার এলাকায়। যুবতীর পরিবার ও প্রতিবেশীরা কোনও ভাবে ওই যুবককে নিরস্ত্র করার পর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশের দ্বারস্থ হয় ওই যুবতীর পরিবার।

সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, শনিবার দুপুরের পর ওই বিএসএফ জওয়ান ইউনিফর্ম পরেই মেদিনীপুর শহরের পাটনা বাজার (মুকুন্দসাগর পাড়) এলাকায় ওই যুবতীর বাড়িতে পৌঁছে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন প্রথমে কোনওভাবে তাকে ঠেলে বাড়ির বাইরে বের করে দিলেও কিছুক্ষণ পর ভোজালি নিয়ে ফের বাড়ির ভেতরে ঢুকে পড়েন। ততক্ষণে প্রতিবেশীরা পৌঁছে যান এবং পরিস্থিতি সামাল দেন।

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে পেট্রোলের জ্বালায় কাতরাতে কাতরাতে ওই সেনা জওয়ান জানান, মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় (মুকুন্দ সাগরের পাড়ে) এক যুবতীর সঙ্গে তাঁর প্রণয়ঘটিত সম্পর্ক হয় ২০১৮ সালে। এরপর ওই যুবতী কয়েক মাস আগে তাঁর সাথে প্রতারণা করে অন্য যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি করে। যুবকের দাবি, ইতিমধ্যে ওই যুবতী ও তার পরিবার যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার হিসেবে নেয়। এদিন তা চাইতেই তিনি গিয়েছিলেন। কিন্তু টাকা নেওয়ার কথা বেমালুম অস্বীকার করায় ক্ষোভে-অভিমানে তিনি এই কান্ড ঘটিয়ে ফেলেছেন।

২০১৮ সালের জুলাই মাস থেকে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে ওই যুবতী ও তাঁর বাবা জানান, ওই জওয়ান যে বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে তা তাদের কাছে গোপন রেখেছিলেন ছত্তিশগড়ে বিএফ এফের ১৫১ নং ব্যাটেলিয়নে কর্মরত মেদিনীপুর শহরের বাসিন্দা ওই জওয়ান। এই ঘটনা জানার পরই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেন ওই যুবতী। এরপর, ওই জওয়ানও যুবতীর সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধ করে দেয়। ছুটি নিয়ে বাড়ি এলে ওই যুবক বিভিন্ন সময় বিভিন্ন রকম অশ্লীল ছবি তুলে ব্ল্যাক মেইল করার চেষ্টা করে বলে যুবতীর অভিযোগ। শনিবার রাতে কোতোয়ালী থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *