জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: তীব্র গরমে প্রশিক্ষণ চলাকালীন জ্ঞান হারিয়ে মৃত্যু হয়েছে রেল সুরক্ষা বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত এক জওয়ানের। খড়্গপুরের আরপিএফ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ চলছিল ওই জওয়ানের। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ পড়ে গিয়ে জল জল বলে চিৎকার করার পর জ্ঞান হারিয়ে ফেলেন।

বন্ধুরা তাকে জল দেওয়ার চেষ্টা করেন এবং অসুস্থ অবস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানকে খড়গপুর ডিভিশনাল রেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর মৃতদেহটি খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অ্যান্টিজেন টেস্টে করার পর করোনা নেগেটিভ রিপোর্ট আসায় রেল সুরক্ষা বাহিনীতে স্বস্তি ফেরে। রেল সুরক্ষা বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত ওই জওয়ানের নাম ছিগেন্ডা অঞ্জনাইলু (২৬)। বাড়ি অন্ধ্রপ্রদেশে।

