স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ নভেম্বর:
গতকাল সকাল সাড়ে ১১ টার ট্রেন শান্তিপুর লোকাল স্টেশন থেকে ছাড়ার কিছুটা পরে এক নম্বর লেভেল ক্রসিং পার হয়ে দু নম্বর গেটের আগেই হঠাৎ চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যান সেনাবাহিনীর এক জওয়ান। মাথা এবং পায়ে গুরুতর আঘাত লাগে, পায়ের পাতার উপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়।
ওই জওয়ানকে এরপর রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গোটা বিষয়টিতে শান্তিপুর রেলওয়ে জিআরপি এবং শান্তিপুর থানার পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাংবাদিকের সহযোগিতায় তার পরিবার এবং ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তার আই কার্ড থেকে জানা যায় তিনি বিএসএফ রানীনগর হেডকোয়ার্টারে ১৪৮ নম্বর ব্যাটালিয়নের সৈনিক। নাম তেলেঙ্কুণ সন্তোষ, বাড়ি মহারাষ্ট্রে। অচৈতন্য অবস্থায় থাকার কারণে জানা যায়নি ঠিক কি কারণে তিনি শান্তিপুর এসেছিলেন।

