সাথী দাস, পুরুলিয়া, ২৬ মে: ঝিরঝিরে বৃষ্টি আর দমকা হাওয়া দিয়ে যসের অনুভূতি হল রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়ায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ছোট নাগপুর মালভূমির অন্তর্গত এই স্থলভূমির উপর দিয়ে যাবে এই ঝড়। আজ সকাল থেকে তারই আভাস পাওয়া গিয়েছে। দুপুর পর্যন্ত ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে জেলাজুড়ে। আর সঙ্গে দমকা হাওয়া চলছে। কার্যত বৃষ্টি স্নাত জেলা পুরুলিয়া এখন প্রাকৃতিক ঝঞ্ঝার প্রমাদ গুনছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়ার বান্দোয়ান, বরাবাজার, বলরামপুর, বাঘমুন্ডি, ঝালদা ১ ব্লকের উপর দিয়ে যসের প্রভাব বেশি করে লক্ষ্য করা যাবে। তাই, ওই সব ব্লক এলাকায় বিশেষ নজর রাখছে প্রশাসন। জেলার ৪৩১ টি ত্রাণ শিবিরে ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়ি থেকে তুলে আনা হয়েছে বাসিন্দাদের। দুপুর পর্যন্ত তেমন কোনও অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি জেলায়। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চলছে। যস মোকাবিলা করতে প্রস্তুত জেলা প্রসাশন। প্রস্তুত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।


