রাজেন রায়, কলকাতা, ১৭ নভেম্বর: প্রত্যেক বছরের প্রথম দিনটি নিজেদের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করেছে তৃণমূল। আর সেই দিনটিকেই এবার ছাত্র দিবস হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানেই এই ঘোষণা করেন তিনি।
একাধিক বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়ে কথা বলেন জেলার আধিকারিকদের সঙ্গে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয় তিনি খোঁজ খবর নেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ছাত্র-ছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। তাই বছরের প্রথম দিনটা ছাত্র-ছাত্রীদের জন্য উৎসর্গ করা হল। যদিও আমরা ওই দিনটা মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করে থাকি। কিন্তু ছাত্র ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তাই ওদের জন্য বছরের প্রথম দিনটা উৎসর্গ করা হল।
ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ কিছু অনুষ্ঠান রাখার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন স্টুডেন্ট ডে পালন করা হবে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্টদের জন্য তৃতীয় বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেন। স্টুডেন্টদের প্রতি তিনি বরাবরই সহানুভূতিশীল। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের উন্নয়নে মুখ্যমন্ত্রী হওয়ার পর কল্পতরুরর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। এবার ছাত্র-ছাত্রীদের জন্য সম্মান প্রদর্শন করতে স্টুডেন্টদের জন্য বিশেষ দিন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

