জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ নভেম্বর: স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রেকের অধীন ফিল্ড আউটরিচ ব্যুরোর মেদিনীপুর শাখার উদ্যোগে এবং মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় সোমবার মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে উদযাপিত হল “জনজাতীয় গৌরব দিবস”। বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও চারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও কুইজের আয়োজন করা হয়। সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সঙ্গীত ও নাটক বিভাগের শিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী দেবাশিষ বিশ্বাস, ছিলেন ফিল্ড আউটরিচ ব্যুরোর মেদিনীপুরের ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত বিশ্বাস, কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, সম্পাদক সুজন বেরাসহ অন্যান্যরা। অডিও ভিস্যুয়াল পদ্ধতিতে দুরন্ত কুইজ উপস্থাপন করেন কুইজ মাস্টার কৃষ্ণপ্রসাদ ঘড়া, অরিন্দম দাস, মৌসম মজুমদার, মণিকাঞ্চন রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড: মৌসম মজুমদার। কুইজে জেলার বিভিন্ন প্রান্তের দলগুলো অংশগ্রহণ করে। সফল আটটি দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। কুইজে চ্যাম্পিয়ন হন সুবিনয় ঘোষ ও আলমগীর সর্দার জুটি। দ্বিতীয় হন উদয় মাহাতো ও শুভ্রপ্রতিম ঘোষ জুটি এবং তৃতীয় হন শাশ্বতী ঘোষ ও শ্যাম সুন্দর ঘোষ জুটি।

