সাথী দাস, পুরুলিয়া, ১৯ অক্টোবর: পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আর তারই প্রাক্কালে শাসক দলের সংখ্যালঘু সেলের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করে অভিযোগ তুলল নব গঠিত ‘জঙ্গলমহল মুসলিম সমাজ’। তাঁদের অভিযোগ, তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতৃত্ব সরকারের কাছে মুসলিমদের চাওয়া পাওয়া, দাবি দাওয়া পৌঁছাতেই পারেননি। কোনও কাজই করতে পারেননি। তাই নিজেদের দাবি নিজেরাই আদায় করতে চাইছে নব গঠিত এই সংগঠন। খানিকটা কুড়মি সমাজ, আদিবাসী সমাজ ও সংগঠনের ধাঁচেই নিজেদের প্রকাশ্যে আনছে এই মুসলিম সংগঠন।
মূলত জঙ্গলমহলের জেলাগুলোর মুসলিম সম্প্রদায়ের সরকারি ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা, চাকরির ক্ষেত্রে স্থানীয় যোগ্য যুবক যুবতীদের অগ্রাধিকার, সম্প্রদায়ের মহিলাদের জন্য হাসপাতালের কাছে মুসাফির খানার দাবি জানান তাঁরা। চার বছর আগে এই সংগঠনটির আত্ম প্রকাশ হয়। আজ পুরুলিয়া শহরে একটি কর্মী সভা করে তারা। সেখানে উপস্থিত ছিলেন মৌলবী, হাজী, ইমামরা ছাড়াও বিশিষ্ট জন।

সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ কাজী, সভাপতি সেক রাজু বলেন, “অরাজনৈতিক এই সংগঠন শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষের সার্বিক উন্নয়নের জন্য আন্দোলন চালিয়ে যাবে। ডিসেম্বর মাসে পাড়ার হরিহরপুরে একটি বিশাল সমাবেশ হবে। সম্মেলনে জঙ্গলমহলের জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশ নেবেন।”

