আমাদের ভারত, ২৭ জুন: জম্মুতে বিমানবন্দরে বায়ু সেনা ঘাঁটিতে জোড়া বিস্ফোরণের জন্য ব্যবহার করা হয়েছিল চিনা ড্রোন। এমন তথ্য উঠে আসছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্তে বলে সূত্রের খবর। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে চিনের তৈরি ড্রোন পাকিস্তান হয়ে ভারতে ঢুকে হামলা চালিয়েছে। এএনআই আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কিভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত চলছে।
শনিবার রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণের ঘটনায় তেমন বড় কোনো ক্ষতি না হলেও দেশের কোনও সামরিক ঘাঁটিতে এই প্রথম এই ধরনের হামলা হলো। এই ঘটনার পেছনে বড় ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা। তাদের দাবি বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন বায়ুসেনার যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলিকে নিশানা করা হয়েছে। কোনওভাবে ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
কেন্দ্রীয় বোমা বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞের দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জম্মু-কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার জম্মুর নারওয়াল এলাকা থেকে ৪ কেজি আইইডি সহ ধরা পড়েছে নাদিমুল হক নামের এক যুবক। বড় নাশকতার উদ্দেশ্যে এই বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান।
জম্মু-কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং বলেছেন, জম্মুতে বিস্ফোরক বহনকারী ড্রোন ব্যবহার করেছিল। আরো একটি বোমা উদ্ধার হয়েছে। কোনও জনবহুল জায়গায় ব্যবহার করার জন্য এক লস্কর-ই-তৈবা জঙ্গি ওই আইডি নিয়ে যাচ্ছিল। এ ঘটনার পর পাঠানকোট সহ অন্য বায়ুসেনা ঘাঁটিগুলোতে জারি করা হয়েছে বিশেষ সর্তকতা।

