আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩১ জুলাই: বিজেপির এককভাবে জয়ী হওয়া জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে যেতে চলছে বলে দাবি শাসক দলে। সোমবার বিজেপির জয়ী একজন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিজেপি নেতারা তৃণমূলের যোগ দিলেন।
পাল্টা বিজেপির অভিযোগ, বিজেপির জয়ী এক গ্রাম পঞ্চায়েত সদস্যা পূর্ণিমা রায় ও তাঁর স্বামী বিজেপির বুথ সভাপতি অমর রায়কে অপহরণ করে রাখে তৃণমূলের নেতারা বলে অভিযোগ ছেলের। কোতোয়ালি থানায় অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে। এ দিন অমর রায় সহ বিজেপি নেতা কর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিলেন।

এদিন তৃণমূলের এসটি, এসসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস নিজেই দলে আসা বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণ দাসের বাড়িতে এক কর্মসূচির মধ্য দিয়ে দলে যোগ দিলেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্যা পূর্ণিমা রায়ের স্বামী বিজেপির বুথ সভাপতি অমর কুমার রায় এ দিন তৃণমূলের ঝাণ্ডা তুলে নিলেন কৃষ্ণ দাসের হাত থেকে। সঙ্গে ছিলেন বিজেপির একাধিক নেতা ও কর্মী।
বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৯ টি, বিজেপি জয়ী হয়েছে ১৫টি আসনে, তৃণমূল জয়ী হয়েছে ১২টি আসনে অন্যদিকে ২টি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী। এ দিন তৃণমূলের এসটি, এসসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, “বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বোর্ড গঠন করতে চলছে। কারণ বিজেপি সাংসদ থেকে শুরু করে কেউই কাজ করছেন না। এই কারণে বিজেপির জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্যরা তৃণমূলের যোগ দিয়েছেন।”
সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিজেপির বুথ সহ সভাপতি অমর কুমার রায় বলেন,”তৃণমূল উন্নত করবে এই কারণে তৃণমূলের হাত ধরলাম।”
এদিকে এ দিন রানীনগর এলাকায় বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির মণ্ডল সভাপতি হরিমোহন মণ্ডল বলেন, “আমাদের দলের জয়ী পার্থীকে অপহরণ করেছেন। এই কারণে রাস্তা অবরোধ।”

