আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি: দলে থেকে দল বিধোরী মঞ্চ করে আন্দোলনের ডাক দিয়ে আবার দলীয় কর্মসূচিতে দেখা গেল জলপাইগুড়ির বরিষ্ঠ কংগ্রেস নেতা সুভাষ বক্সীকে। বেশ কিছুদিন থেকে জাতীয় কংগ্রেস দলের রাজ্য ও জেলার নেতাদের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুভাষ বাবু। কলকাতায় সাংবাদিক বৈঠক করে দল বিরোধী মঞ্চ করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এরপর দলের অন্দরে শুরু হয় জল্পনা। শুক্রবার শহরের রাজীব ভবনে কংগ্রেসের সাংবাদিক বৈঠকের মঞ্চে দেখা গেল কংগ্রেসের বিতর্কিত নেতা সুভাষ বাবুকে। যদিও টাউন ব্লক কংগ্রেসের রবিষ্ঠ নেতার মন্তব্যকে এক প্রকার সিলমোহর দেওয়া হয়েছে।
সুভাষ বাবু বলেন, “আমি ৫৬ বছর থেকে কংগ্রেস দল করছি। আমি এই দলে রয়েছি এবং আগামীতে থাকবো। কংগ্রেস দলের বিরোধী দল করিনি। জাতীয় কংগ্রেস সর্মথক ফোরাম করা হয়েছে। আগে দলের সভাপতি ও কে কোন পদের দায়িত্ব পাবেন সেটা সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে হত। এই নিয়মে চলে আসছিল। এখন মুখে বলা হচ্ছে ইলেকটেড, সেটা হচ্ছে না আসলে সেটা হবে সিলেক্টেড। এই কারণে আমি প্রতিবাদ জানিয়েছি। তবে আমার এখনো দলের প্রতি ক্ষোভ মেটেনি। আগামীতেও এর প্রতিবাদ জানাবো।”
এদিকে টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি বলেন, “একমাত্র কংগ্রেস দলের কর্মীরা নিজেদের বক্তব্য রাখতে পারেন। সুভাষবাবু ঠিক কথা বলেছেন, দলের উঁচু তলায় যে নির্বাচন হল সেটা নিচু তলায় হওয়া দরকার ছিল। আশাকরি ভবিষ্যৎতে হবে।”

