আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ আগস্ট: টোটোয় নূন্যতম যাত্রী ভাড়া দশ টাকা থেকে বাড়িয়ে পনেরো টাকা করা হয়েছিল জলপাইগুড়ি পুরসভার তরফে। যাত্রী ভাড়া নিয়ে সাধারণ মানুষ ও টোটো যাত্রীদের অভিযোগ পেয়ে অবশেষে নূন্যতম যাত্রী ভাড়া পনেরো টাকা থেকে কমিয়ে দশ টাকা করল পুর কর্তৃপক্ষ। ১৫ অগস্ট থেকে নূন্যতম যাত্রী ভাড়া প্রথম এক কিলোমিটার দশ টাকা এরপর প্রতি কিলোমিটার রাস্তা পাঁচ টাকা করার সিদ্ধান্ত নিল পুর কর্তৃপক্ষ।
কয়েকমাস আগে পুর কর্তৃপক্ষ টোটো সংগঠনের সঙ্গে বৈঠকে বসে যাত্রীদের সমস্যা কথা না বিচার করেই একতরফা ভাবেই নূন্যতম যাত্রী ভাড়া পনেরো টাকা করেছিল। এর জেরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রায় দিনই টোটো চালক ও যাত্রীদের মধ্যে বচসা হচ্ছিল। এই কারণে টোটোর যাত্রী ভাড়া দশ টাকা করা হয়েছে। এছাড়া ৩১ অগস্টের মধ্যে শহর ও শহরতলির চারটি গ্রাম পঞ্চায়েতের টোটো চিহ্নিত করা হবে। বাইরের টোটো শহরে প্রবেশ বন্ধ করা হবে। যাত্রীদের সুবিধার্থে সব রুটের টোটোর যাত্রী ভাড়ার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার পুর কর্তৃপক্ষ টোটো সমস্যা মেটানোর বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল, লোপামুদ্রা অধিকারী। অন্যদিকে পরিবহন দফতরের আধিকারিক, ট্র্যাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী, সদর ট্র্যাফিক ওসি বাপ্পা সাহা, কোতোয়ালি থানায় পুলিশ ও আইএনটিটিইউসি টোটো সংগঠনের সভাপতি পূর্ণব্রত মিত্র, সিটি অনুমোদিত
ই- রিকশা চালক ইউনিয়নের শুভাশিস সরকার।
চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, “যাত্রী ভাড়া পনেরো টাকা থেকে কমিয়ে দশ টাকা করা হচ্ছে। শহরের টোটো চিহ্নিত করতে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ১৫ অগস্ট থেকে নতুন নিয়মে ভাড়া দিতে হবে টোটো চালকদের।”
ই-রিকশা চালক ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, “পনেরো টাকা থেকে কমিয়ে দশ টাকা করা হল। কিন্তু পুরসভা টোটোয় লাগাম টানতে একাধিক উদ্যোগ গ্রহণ করলেও কার্যকর করতে পাচ্ছে না।”

