টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া পনেরো টাকা রাখার দাবিতে আন্দোলনে নামতে চলেছে জলপাইগুড়ির সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ আগস্ট: টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া পনেরো টাকা রাখার দাবিতে এবার আন্দোলনে নামতে চলছে জলপাইগুড়ি সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। অন্যদিকে পুরসভার টোটো রেজিস্ট্রেশনের জন্য বছরে ৬০০ টাকা, এছাড়া ভাড়ার তালিকার জন্য কুড়ি টাকা ও টিন নম্বরের জন্য ৫০ টাকা ধার্য করা হয়েছে পুরসভার তরফে। টাকা কমানোর দাবি তুললেন ইউনিয়নের নেতারা।

দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জলপাইগুড়ি শহরে টোটোয় নুন্যতম যাত্রী ভাড়া দুই কিলোমিটার পর্যন্ত পনেরো টাকা করা হয়েছিল। পুরসভার সিদ্ধান্তের প্রতিবাদ জানায় শহরের বেশিরভাগ টোটো যাত্রীরা। সমাজ মাধ্যমে ও পুরসভায় অভিযোগ করে টোটোর যাত্রী ভাড়া কমানোর দাবি জানায় অনেকে বলে দাবি। এরপরেই ৮ অগস্ট বৈঠকে বসে টোটোয় ন্যূনতম যাত্রী ভাড়া পনেরো টাকা থেকে কমিয়ে দশ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার সাংবাদিক বৈঠক করে বলেন, “দ্রব্যমূল্যের বাজারে পুরসভা সিদ্ধান্ত নিয়েছিল ন্যূনতম যাত্রীভাড়া পনেরো টাকা করার। দ্রব্যমূল্যের বাজারের মধ্যে টোটো চালকদের সমস্যা হচ্ছে। এই কারণে আমাদের দাবি ভাড়া কমানো যাবে না। অন্যদিকে টোটো নিয়ন্ত্রণ করতে পাচ্ছে না পুরসভা। উল্টে টোটো চালকদের কাছ থেকে ৬৭০ টাকা করে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমাদের দাবি, টাকার পরিমাণ কমাতে হবে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে রাস্তায় নেমে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *