আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ আগস্ট: রাতভর বৃষ্টিতে জলপাইগুড়ির কলেজ পাড়ার রাস্তায় ভেঙ্গে পড়ল বট গাছ। ফলে বন্ধ জলপাইগুড়ি শিলিগুড়ির রাজ্য সড়কের রাস্তা৷ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। পুরসভার পানীয় জলের পরিষেবা বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে রয়েছে। ফলে সমস্যায় পড়েছেন শহরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে আসেন পুর কর্তৃপক্ষ, ট্র্যাফিক পুলিশ ও সিভিল ডিফেন্সের সদস্যরা৷ নিয়ে আসা হয় জেসিবি। তড়িঘড়ি রাস্তায় পড়ে থাকা গাছ কেটে যানচলাচল স্বাভাবিক করে প্রশাসন৷
যদিও স্থানীয়দের দাবি, গাছের একাধিক ডাল বিদ্যুতের তারে আটকে আছে ও সম্পূর্ণ গাছ এক দিকে হেলে আছে। যখন তখন আবার পড়ে যেতে পারে। এই কারণে দ্রুত গাছ কাটার দাবি তুলেছেন স্থানীয়রা।

২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু বিশ্বাস বলেন,”গাছ পড়ে গিয়েছে। খুবই সমস্যা হচ্ছে। এই কারণে স্থানীয়রা অবরোধ করেছিল। বহু গাছ একদিকে হেলে আছে। গাছ কেটে ফেললে ভাল হয়।”
যদিও পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল বলেন, “স্থানীয়রা পথ অবরোধ করেছিলেন। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। স্থানীয়রা গাছটি কেটে ফেলার দাবি তুলেছিলেন। দাবি মেনে গাছ কেটে ফেলার প্রক্রিয়া চলছে।’

