আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর: সম কাজে সম বেতন সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামলো জলপাইগুড়ি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের মহিলারা। বুধবার শহরের মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করে জেলাশাসক দফতরে সামিল হলেন তারা। জেলাশাসক দফতরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। সেখানে মিড ডে মিলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখায়। এরপর জেলাশাসক দফতরে নিজেদের দাবিপত্র তুলে দেন ইউনিয়নের নেত্রীরা।
দাবিগুলির মধ্যে রয়েছে, মিড ডে মিলের কর্মীদের ২৬ হাজার টাকা বেতন দিতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মত ৬৩০০ টাকা বেতন দেওয়ার দাবি তোলা হয়। মিড ডে মিলের কর্মীদের সরকারি স্বীকৃতি দেওয়া, মিড ডে মিলের কর্মীদের অবসর নেওয়ার সময় পাঁচ লক্ষ টাকা। প্রতি ২৫ জন পড়ুয়া পিছু একজন করে কর্মী নিয়োগ, মাতৃত্বকালীন সময়ে স্ববেতন ছুটির দাবি, প্রতি বছরের দশ মাস নয়, বারো মাসের বেতন সহ মোট ১৩ দফা দাবি তুলে ধরা হয়।
ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পন্ডা বলেন, “মাত্র দেড় হাজার টাকায় কর্মীদের চলে না। এই কারণে বেতন বাড়ানোর দাবি সহ একাধিক দাবি তোল হয়েছে।”
মিড ডে মিল কর্মী চন্দনা সাহা ও রিঙ্কু রায় বর্মণরা বলেন, আমরা খুবই খারাপ পরিস্থির মধ্যে রয়েছি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন চলবে।”

