জলপাইগুড়ি সদর ২নং ব্লক তৃণমূল কমিটি আয়োজিত বিজয়া সম্মিলনীতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ বিধায়কের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ নভেম্বর: জলপাইগুড়ি সদর ২নং ব্লক তৃণমূল কমিটি আয়োজিত বিজয়া সম্মিলনীতে গান গাইলেন বিধায়ক প্রদীপ কুমার বর্মা। অন্যদিকে বিজয়া সম্মিলনী থেকে একশো দিনের কাজ ও আবাস যোজনার ঘর নিয়ে বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন বিধায়ক।

শনিবার দুপুরে পান্ডা পাড়া কালীবাড়ি এলাকার এক বেসরকারি স্কুলে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন তৃণমূল সদর ১ নং ব্লকের সভাপতি তরুণ বসু বিশ্বাস। এছাড়া প্রত্যেক বুথ ও গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে দলের নেতাদের গান গাইতেও দেখা গেল। এরপর দলের তরফে নেতাদের পাশাপাশি সাংবাদিকদেরও সংবর্ধনা দেওয়া হয়।

বিধায়ক প্রদীপ কুমার বর্মা বলেন, “দলের রাজ্য কমিটির নির্দেশে বিজয়া সম্মিলনী কর্মসূচি করা হল। সাংবাদিক ও নেতাদের সংবর্ধনা দেওয়া হলো। কিন্তু একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার ঘর নিয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ জানানো হচ্ছে। জেলায় সাংসদ ও বিধায়ক রয়েছেন যারা বিজেপি হয়ে জয়ী হয়েছিলেন। গরিব মানুষরা একশো দিনের পাপ্য টাকা পাচ্ছেন না। কিন্তু বিজেপির জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না। আশাকরি সাংসদ এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *