আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ নভেম্বর: ফের চিকিৎসায় গাফিলতিতে জলপাইগুড়ি সদর হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ। গত ২৪ ঘন্টায় ৩টি শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শনিবার মৃত এক সদ্যোজাত শিশুর বাবা বিকাশ রায় হাসপাতালের বাইরে রাস্তায় বসে পথ আটকে প্রতিবাদ করেন। এরপর শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা।
এদিন মৃত শিশুর বাবা বিকাশ রায় বলেন, গতকাল আমার স্ত্রীকে ভর্তি করি তারপর বাচ্চাটি মারা যায়। সেই সময় কোনও চিকিৎসক ছিলেন না।

এদিন আর এক মৃত বাচ্চার বাবা দীপক রায় অভিযোগ করে বলেন, আমার কন্যা সন্তান জন্মের পরেই মারা যায়। চিকিৎসার গাফিলতিতেই শিশুটি মারা গেছে। তিনি বলেন, আমরা চাই এমন ঘটনা যাতে আর না ঘটে। আজ আমার সন্তানের মৃত্যু হয়েছে আগামীতে যেন আর অন্য কোনও সন্তানের মৃত্যু না হয়।
এদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক বলেন, অভিযোগ তার কাছে আসেনি। এরকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

