আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ নভেম্বর: পরিশ্রুত পানীয় জল থেকে শুরু করে শৌচাগারে ব্যবহৃত জল পাচ্ছেন না জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটের হস্টেলের ছাত্ররা। নদীর জল ব্যবহার করছেন ছাত্ররা। অন্যদিকে খাবার জল বাইরে থেকে কিনে আনতে হচ্ছে বলে ছাত্রদের দাবি। যদিও কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে নারাজ। উল্টে ১ ডিসেম্বরের মধ্যে ছাত্রদের হোস্টেল খালি করার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কেন এমন নির্দেশিকা দেওয়া হল তা নিয়ে ধন্দে ছাত্ররা। প্রায় ২৫-৩০ জন ছাত্র জল না পেয়ে খুবই সমস্যায় পড়েছেন।
হোস্টেলের ছাত্রদের অভিযোগ, হোস্টেলে পরিশ্রুত জল নেই। শৌচাগারে জল না থাকায় নদী থেকে জল আনতে হচ্ছে। নদীর জল খাওয়া যাবে না এই কারণে কেউ কলেজের বাইরে কিছুটা দূর থেকে পানীয় জল নিয়ে আসছেন আবার অনেকে জল কিনে খাচ্ছেন। নিয়মিত আবর্জনা পরিস্কার করা হয় না। হোস্টেল অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের। হঠাৎ করে হোস্টেল ছাড়ার নোটিশ দেওয়ার কারণে বিপাকে পড়েছেন পড়ুয়ারা। বেশিরভাগ পড়ুয়া বাইরের জেলা থেকে এসেছেন। কোথায় যাবেন এখন ছাত্ররা তা নিয়ে চিন্তিত সকলেই।
কলেজের ছাত্র সব্যজিৎ সাহা বলেন,”খুবই সমস্যার মধ্যে আছি আমরা। হোস্টেলের মোটর খারাপ জল পাওয়া যাচ্ছে না।” অন্যদিকে আরও এক ছাত্র সুমিত কুমার মাল বলেন, “কলেজ কর্তৃপক্ষকে জানানোর পরেও কাজ হচ্ছে না। নদীর জল ব্যবহার করছি।”
যদিও কলেজের অধ্যক্ষকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কোনও মন্তব্য না করে মুখে কুলুপ এঁটেছেন।

