আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ নভেম্বর: বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখানোর উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি পুরসভা। শহরের একাধিক জনবহুল এলাকায় বসানো হচ্ছে বড় পর্দা ও এলসিডি বড় টিভি। শনিবার যেসব জায়গায় বিশ্বকাপ ফাইনাল দেখানো হবে পুর কর্তৃপক্ষ সরেজমিনে জায়গাগুলি পরিদর্শন করছেন।
এছাড়া ছট ঘাটে খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। পুরসভার উদ্যোগে খুশি শহরবাসী। অন্যদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ও বিজেপির তরফে বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি। পুরসভার তরফে জানানো হয়েছে, থানা মোড়, কদমতলা মোড়ে লাগানো হচ্ছে বড় পর্দা এছাড়া বৌ বাজারে বড় টিভি, কিংসাহেব ঘাটে বড় টিভি ও প্রজেকক্টর দেওয়া হচ্ছে। এছাড়া শান্তি পাড়া, মাসকালাইবাড়ি মোড়ে টিভি দেওয়া হচ্ছে।
পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন,”বিশ্বকাপে এবার ভারত জয়ী হবে। এবার বিরাট কোহলির পঞ্চাশটা সেঞ্জুরি যেমন দেখলাম তেমনি সামির খেলা অসাধারণ। ফুটবল বিশ্বকাপের সময় যেমন প্রজেক্টর লাগানো হয়েছিল। ঠিক তেমনি ক্রিকেট বিশ্বকাপেও বড় পর্দা বসানো হচ্ছে। সব জায়গায় খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গে জেলা আদালতেও খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।”
পুরসভার এই উদ্যোগে খুশি প্রকাশ করলেন পুর নাগরিক নারায়ণ চক্রবর্তী।

