আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ নভেম্বর: গর্ভবতী মা ও শিশুদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে গত কয়েক দিন থেকেই অভিযোগ উঠছে জলপাইগুড়িতে। ছুটি দেবার পরেও সদ্যোজাত সন্তানকে নিয়ে বাড়ি ফেরার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হচ্ছে। জলপাইগুড়ি গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এই সমস্যা সমাধানে নিশ্চয় যান চালকদের নিয়ে বৈঠকে বসলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
জলপাইগুড়ি জেলাতে ২৮ টি ১০২ অ্যাম্বুলেন্স রয়েছে। বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স গুলি গর্ভবতী মা ও সদ্যোজাত শিশুদের মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিয়ে আসা এবং বাড়ি পৌছে দেবার জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি হাসপাতালে নিশ্চয় যান অ্যাম্বুলেন্স রয়েছে। এই নিশ্চয় যানের মাধ্যমে গর্ভবতী মায়েদের হাসপাতালে আনা ও বাড়িতে পৌছে দেওয়ার কথা। কিন্তু ১০২ নম্বর থেকে নিশ্চয় যানের চালকদের জানানো হচ্ছে না ফলে মা ও শিশুকে বিনামূল্যে ওই যানের পরিসেবা দেওয়া যাচ্ছে না। এখানেই শেষ নয় অভিযোগ, ১০২ নম্বরটি একটি বেসরকারি সংস্থার। ছুটির পরে ওই নম্বরে ফোন করলে কল বুক নিয়ে টালবাহানা করা হয় বলেও অভিযোগ রয়েছে রোগীর পরিবারের লোকেদের। বুধবার জলপাইগুড়ি সদর হাসপাতালের হল ঘরে করা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের আধিকারিক, নাসিং স্টাপ, নিশ্চয় যান এবং ১০২ অ্যাম্বুলেন্সের চালক এবং রোগী সহায়তা কেন্দ্রের প্রতিনিধি।

বৈঠকের পরে জলপাইগুড়ি জেলা নিশ্চয় যান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়নের জেলা সভাপতি দিলীপ দাস বলেন, আমরা মাত্র ৮ টাকা প্রতি কিলোমিটারে পরিসেবা দিচ্ছি, তার পরেও আমাদের অস্তিত্ব নেই।
রোগীর আত্মীয় জগেশ্বর রায় বলেন, অ্যাম্বুলেন্স পাচ্ছি না। অনেকক্ষণ হল দাঁড়িয়ে আছি।
অন্যদিকে জলপাইগুড়ি গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ কল্যাণ খাঁ জানান, আমরা অ্যাম্বুলেন্স সমস্যার সমাধান করার জন্য আলোচনায় বসেছিলাম। সিদ্ধান্ত হয়েছে একসাথে সব মা ও বাচ্চাদের ছুটি দেওয়া হবে না। তিনটি ভাগে আমরা ছুটি দেব। যাতে অ্যাম্বুলেন্স পেতে সমস্যায় না পড়তে হয়।

