আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ আগস্ট: চুরি হওয়া ও হারিয়ে যাওয়া কুড়ি’টি মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হল মোবাইলের মালিকদের হাতে। বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে জলপাইগুড়ি শহরের পুলিশ লাইনে এক কর্মসূচির মধ্য দিয়ে জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
বেশ কিছুদিন ধরে হাট বাজার ও ব্যস্ততম এলাকা থেকে মোবাইল চুরির অভিযোগ আসছিল। প্রায় দিনই মোবাইল চুরির অভিযোগ থানায় জমা পড়ে। অভিযোগ পেয়ে জেলা পুলিশের বিশেষ দল চুরির মোবাইলের সন্ধান পেতে তদন্ত শুরু করে। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ত্রিশ’টি চুরির মোবাইলের সন্ধান পেয়ে উদ্ধার করে বলে দাবি।

পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “এদিন কুড়িজনের হাতে তাদের মোবাইল তুলে দেওয়া হয়। বাকিদের ডেকে মোবাইল তুলে দেওয়া হবে।”
এদিকে হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি ময়নাগুড়ি টেকাটুলির বাসিন্দা জ্যোস্না সরকার। তিনি বলেন, “এক মাস আগে টোটো থেকে আমার স্বামীর কাছ থেকে মোবাইল হারিয়ে যায়। আমি থানায় অভিযোগ করি। আজ পুলিশ লাইনে সেই হারিয়ে যাওয়া মোবাইল আমার হাতে তুলে দেওয়া হল। আমি খুবই খুশি। পুলিশের কাজকে সাধুবাদ জানাই।”

