আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ জুন: ‘কৃষক রত্ন’ পেয়েছেন এরকম কৃষকদের বাড়ি বাড়ি রাত কাটাবেন জলপাইগুড়ি জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কমিটির নেতারা। কৃষকদের অভিজ্ঞতা সকলের কাছে পৌঁছে দিতে ও সরকারি সুযোগ সুবিধে কতটা পেয়েছেন কৃষকরা সেই তথ্য সংগ্রহ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার জলপাইগুড়ি শহরের দুই নম্বর ঘুমটি তৃণমূল কার্যালয়ে জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কমিটির বৈঠকের পর এমনটাই জানালেন সংগঠনের জেলা সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ।

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় জুলাই মাসের প্রথম সপ্তাহে সংগঠনের জেলা সম্মেলন হবে। তারপর থেকে কৃষকরত্ন পেয়েছেন এরকম কৃষকদের বাড়ি বাড়ি রাত্রিবাস শুরু হবে। প্রত্যেক ব্লক ধরে ধরে অভিজ্ঞ কৃষক ও কৃষকরত্ন পেয়েছেন এরকম কৃষকদের বাড়িতে রাত্রিযাপন করবেন৷ নেতারা। তার সঙ্গে খাওয়া দাওয়ার পাশাপাশি অভিজ্ঞতা নেওয়া হবে। এরপর একশো দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা, ২১ জুলাইয়ের প্রচার ও কৃষকদের কি কি অসুসবিধে সবটাই দেখা হবে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ ও জেলার বিভিন্ন ব্লকের সভাপতিরা।
সংঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ বলেন,
“ব্লক সভাপতি সঠিক কাজ না করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে৷ অনেক কৃষক নেতা আমাদের সরকারের ৬৮টি প্রকল্প সম্পর্কে জানেন না, সেই সম্পর্কে তাদের জানতে হবে।”
তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ বলে কিষান ক্ষেত মজদুর কমিটি জেলা সম্মেলন থেকে সামনে পঞ্চায়েত ভোটের প্রচার করা হবে।”

