আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ ডিসেম্বর: জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজের অধীনে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালেই কোভিড ওয়ার্ড চালু করা হচ্ছে। মঙ্গলবার জেলায় কোভিড হাসপাতালের সব ধরনের প্রস্তুতি খতিয়ে দেখতে মহড়া শুরু হল। কোভিডকে কেন্দ্র করে চিকিৎসা ক্ষেত্রে যেসব জিনিস দরকার হতে পারে তা মহড়ার মাধ্যমে দেখলেন স্বাস্থ্য কর্তারা। পরিকাঠামো কতটা কাজ করছে সবটাই হাতে কলমে দেখলেন পরিদর্শক দল। সবটাই রাজ্য স্বাস্থ্য ভবনে ফোন ও ভিডিয়ো কলের মাধ্যমে জানানো হয়।

এই মুহূর্তে কোভিড রোগীদের জন্য সাধারণ শয্যা প্রায় ৫০টি ও ক্রিটিকাল শয্যা ২৪টি প্রস্তুত রয়েছে প্রথম ধাপে। উল্লেখ্য, সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন জেলার স্বাস্থ্য কর্তারা। ফের করোনা সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে জেলায় করোনা পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কর্তারা।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি কল্যাণ খান বলেন, “আতঙ্কিত হবেন না কেউ। সর্তক থাকুন। মহড়ার উদ্দেশে একটাই, মানুষের মধ্যে এই বার্তা তুলে ধরা হচ্ছে যে সাধারণ মানুষ যেন বুঝতে পারে আমরা প্রস্তুত রয়েছি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে। সবচেয়ে ভাল খবর বিগত কয়েকদিনে কোভিড পজিটিভ কাউকে পাওয়া যায়নি। তবে মাস্ক ব্যবহার করা শুরু করতে হবে। প্রথম ধাপে জেলা হাসপাতালে কোভিড ওয়ার্ড করা হচ্ছে।”

