আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ এপ্রিল: জামিনে ছাড়া পাওয়া ধর্ষণ মামলার অভিযুক্তকে দোষী সাবস্থ করল জলপাইগুড়ি জেলা আদালত। কোর্ট হেফাজতে নিয়ে অভিযুক্ত পঞ্চায়ন রায়কে দশ বছরের সাজা ঘোষণা করল জেলা আদালতের ফাস্ট ট্রাক ফাস্ট কোর্ট। এছাড়া কুড়ি হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সাজা ঘোষণা করলেন বিচারক রিন্টু সুর। অন্যদিকে যুবতীকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হয়েছে।
২০১১ সালের ধুপগুড়ি’র বাসিন্দা পঞ্চায়ন রায় এলাকায় এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় দুই বছর মেলামেশা করে বলে অভিযোগ। এরপর ধর্ষণ করে বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত যুবক। ধুপগুড়ি থানায় অভিযোগ জানায় যুবতী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়নকে গ্রেফতার করে পুলিশ। এদিকে জেলা আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন পঞ্চায়ন। এদিকে যুবতী গর্ভবতী হয়ে সন্তানের জন্ম দেয়। সোমবার অভিযুক্ত যুবক কোর্টে হাজির হতেই বিচারক দোষী সাব্যস্ত করেছেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে দশ বছরের সাজার নির্দেশ দিলেন বিচারক বলে জানালেন সরকারি সহকারি আইনজীবী বিশ্বরূপ রায়। তিনি বলেন, “সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সাজা ঘোষণা করেছেন বিচারক। অন্যদিকে যুবতীকে চার লক্ষ টাকা ও যুবতীর সন্তানকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।”
এদিকে অভিযুক্তের পক্ষের আইনজীবী দেবারতি সাহা বলেন, “আমার মক্কেল নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে। আজ জেলা আদালত থেকে সাজা ঘোষণা হয়েছে তাঁর। আমরা উচ্চ আদালতে যাবো।”

