আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ ফেব্রুয়ারি: বেআইনিভাবে বাড়িতে জ্যান্ত ময়ূর, টিয়া, কচ্ছপ রেখে ব্যবসা করার অভিযোগে গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম কোর্ট। দু’জনকে বৃহস্পতিবার তিন বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা ঘোষণা করেন জেলা আদালতের বিচারক বলে জানালেন সহকারি সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়।
বেআইনি ভাবে ময়ূর, টিয়া, কচ্ছপ সংগ্রহ করে ব্যবসা করার অভিযোগে ৮ নভেম্বর ২০২২ সালে ডাবগ্রাম রেঞ্জ কৃষ্ণ ছেত্রীকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ধৃতের বাড়ি থেকে জ্যান্ত ময়ূর, কচ্ছব এছাড়াও শিকার করার তীর ধনুক পাওয়া যায়। এরপর বনদফতর তদন্তে নেমে কৃষ্ণের আরও এক সঙ্গী অঞ্জন মিস্ত্রীকে ১৮ নভেম্বর গ্রেফতার করে। তার বাড়ি থেকেও জ্যান্ত টিয়া, কচ্ছপ, শিকার করার বন্দুক, তীর-ধনুক উদ্ধার হয়েছিল। ধৃত দু’জনকে জেল হেফাজতে রেখে জেলা আদালতে মামলাটি চলছিল। জেলা আদালত দু’জনের জামিন খারিজ করে।
এদিকে পরিবার হাইকোর্ট জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জামিনের আবেদন জানালে সেখানেও জামিন খারিজ হয়। উল্টে ১০ ফেব্রুয়ারির মধ্যে জেলা আদালতে ট্রায়াল শেষ করার নির্দেশ দেওয়া হয় সার্কিট বেঞ্চের তরফে। দুই অভিযুক্তকে এ দিন জেলা আদালতে হাজির করা হয়েছিল।
সরকারি সহকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, “ধৃত দু’জনকে তিন বছরের সাজা ঘোষণা করেন বিচারক। দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হয়।”

