আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ জুন: অচল ছোট এক টাকার কয়েনে পরিণত হয়েছেন জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপী গোস্বামী, অভিযোগ বিক্ষুব্ধ বিজেপি নেতাদের। জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতারা। তাদের দাবি, এই সভাপতি থাকলে পঞ্চায়েত ভোটে এই জেলায় বিজেপি পরাজিত হবে। বিক্ষুব্ধরা বিজেপি নেতা কর্মীরা দলের হয়ে কাজ করবেন না এমনটাই হুমকি দিলেন তাঁরা।
যদিও বিক্ষুব্ধ নেতাদের কথায় কান দিতে নারাজ সভাপতি। তাঁর পাল্টা দাবি, এই ধরণের নেতাদের কথায় তাদের পরিবার ভোট দেয় না। তাদের কথার উত্তর দেওয়া প্রয়োজন নেই।

সামনেই পঞ্চায়েত ভোট, তার আগেই বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। প্রাক্তন বিজেপি জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী সহ একাধিক নেতা কর্মী নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন। রবিবার পান্ডা পাড়ার এক ভবনে বৈঠক করলেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা। এরপর সাংবাদিক বৈঠক করে অলোকবাবু বলেন, “সভাপতি দলে থেকে দুর্নীতি, স্বজনপোষণ, বিজেপিকে তৃণমূলের কাছে বিকিয়ে দেওয়া সহ একাধিক দূর্নীতি মূলক কাজ করছে। যাদের যোগ্যতা নেই তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই জেলা সভাপতি চলবে না। অচল পয়সার পরিণত হয়েছে। যেমন বাজারে ছোট এক টাকার কয়েন চলে না তেমনি। তাই এই সভাপতির অবিলম্বে অপসারণ চাইছি।
বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী ফোনে জানান, “আমি এভাবেই চলবো, দরকার হলে বুলডোজার চালাবো। ওরা এমন কোনো লোক নয় যে ওদের উত্তর দিতে হবে। যাদের একটাও লোক নেই, যাদের কথা পরিবারের লোকই শোনে না ওদের কথার উত্তর দেব কেন?”

