আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ অক্টোবর: মালবাজারের দুর্ঘটনার কারণে বাতিল করা হল জলপাইগুড়ির কার্নিভাল।
আজ দুপুরে জেলাশাসক জানিয়েছিলেন, কার্নিভাল হচ্ছে। পরে বিভিন্ন পক্ষের থেকে কার্নিভাল বাতিলের আবেদন জানানো হয়। সন্ধ্যার পর জেলাশাসক জানান, কার্নিভাল বাতিল করা হয়েছে।
মালবাজারের মর্মান্তিক দুর্ঘটনার পর শুক্রবারের প্রস্তাবিত কার্নিভ্যাল বাতিলের আবেদন করেছিলেন লেখক, শিল্পী, বুদ্ধিজীবীদের অনেকে। তাঁরা এ ব্যাপারে আবেদন করেছিলেন জলপাইগুড়ির জেলা শাসককে।
এছাড়া জলপাইগুড়ির পুজো কমিটি ও জনপ্রতিনিধিরাও কার্নিভাল বাতিল করার দাবি তুলেছিলেন। কয়েকটি পুজো কমিটি জেলা শাসকের কাছে কার্নিভাল বাতিলের জন্য আবেদনও করেছিলেন। অন্যদিকে জেলা কংগ্রেসের তরফেও মর্মাহত পরিস্থিতিতে কার্নিভাল বাতিল করার অনুরোধ জানানো হয়।
এরপরই কার্নিভাল নিয়ে পুজো কমিটি সহ উদ্যক্তাদের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দেন জেলাশাসক মৌমিতা গোদারা। বৃহস্পতিবার সন্ধেয় এই বৈঠক হয় জেলা শাসকের দফতরে। শেষে জেলাশাসক জানান, মর্মান্তিক দুর্ঘটনার জন্য বাতিল করা হচ্ছে কার্নিভাল।

