বেতনের দাবিতে ৭ দিন ধরে কর্মবিরতি চলছে জলপাইগুড়ি বিএসএনএল দফতরে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ নভেম্বর: বেতনের দাবিতে সাত দিন ধরে কর্মবিরতি চলছে জলপাইগুড়ি বিএসএনএল দফতরে। বেতন না পাওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে হুঁশিয়ারি অস্থায়ী কর্মীদের। এদিকে বিএসএনএল দফতর আন্দোলনের জেরে বন্ধ থাকায় পরিষেবা না পেয়ে গ্রাহকরা ফিরে যাচ্ছেন। দফতরে স্থায়ী কর্মীরা দফতরের বাইরে চায়ের দোকানে বসে দিন কাটাচ্ছেন।

বিএসএনএল জলপাইগুড়ি ডিভিশনে প্রায় ১২০জন অস্থায়ী কর্মী কাজ করেন। কেউ কুড়ি বছর আবার কেউবা পনেরো বছর ধরে কাজ করছেন। তৃণমূল শ্রমিক সংগঠনের বিএসএনএল কন্ট্রাক লেবার ইউনিয়নের তরফে স্বপন সরকার বলেন, “বেতন না দেওয়া পর্যন্ত গেট খুলবে না। সব জায়গায় আন্দোলন চলছে।” এদিকে বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন জেলা সম্পাদক বিকাশ বিশ্বাস বলেন, “বেতন পাচ্ছি না আঠারো মাস ধরে। পেটে ভাত নেই, সাত দিন আন্দোলন চললেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।”

এক গ্রাহক দিবাকর দে বলেন, “বিল জমা দিতে এসেছিলাম। দফতর বন্ধ। বেতন দেওয়া উচিত যাঁরা কাজ করছেন তাঁদের।” জলপাইগুড়ি বিএসএনএল দফতরের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিজয় কর্মকার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয় আমার কিছু বলার নেই। দফতরের সামনে অস্থায়ী কর্মীরা আন্দোলন করছেন এই কারণে বাইরে রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *