গোয়ালপোখরের মদিনাচকে শুটআউটের ঘটনার মূল অভিযুক্ত জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিস এহসান সহ গ্রেপ্তার ২

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার মদিনাচক এলাকায় শুটআউটের ঘটনায় মূল অভিযুক্ত জৈনগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিস এহসান সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোপড়া থানার সোনাপুর বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চোপড়া থানা থেকে ধৃতদের আজ ইসলামপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার ইমারত সামগ্রীর দোকানে বাইকের ধাক্কা মারাকে কেন্দ্র করে বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের। গুলিবিদ্ধ এক যুবতী সহ আরো তিনজন। গত ১৭ই ফেব্রুয়ারি শুক্রবার রাতে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার জৈনগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার রাতে এলাকার বাসিন্দা মহম্মদ আরিফের মদিনাচক এলাকায় ইমারত সামগ্রীর দোকানে এসে আচমকাই ধাক্কা মারে একটি বাইক। এনিয়ে প্রতিবাদ করলে বচসা বেধে যায়। এরপরই কয়েকজন এসে সেখানে গন্ডগোল বাধায়। গন্ডগোল চলাকালীন আচমকাই গুলি ছোড়ার ঘটনা ঘটে। গুলিতে জখম হয় এক যুবতী সহ মোট ৪ জন। এরা হলেন মোহাম্মদ আরিফ, হাবিবা খাতুন, বাবুল ও সেইদুল। ঘটনায় গুলি চালনার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধান নাজিস ও তার সঙ্গীদের বিরুদ্ধে। গুলিকান্ডে আহতদের প্রথমে লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে মৃত্যু হয় মহম্মদ আরিফের। এই ঘটনার পর থেকে ফেরার ছিল পঞ্চায়েত প্রধান নাজিস ও তার সঙ্গী সাথীরা।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে চোপড়া থানার সোনাপুর বিহার বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিস এহসান সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *