ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন মুখ্যমন্ত্রীর বাড়িতে মহাযজ্ঞ করলেন জগন্নাথ দ্বৈতাপতি

রাজেন রায়, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: আসল ভোটের ময়দানে লড়াইয়ের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। একদিকে রাজ্যের শাসকদলের পুঁজি যেখানে পশ্চিমবঙ্গের নতুন দিনের উন্নয়ন, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের হাতিয়ার পশ্চিমবঙ্গের অনুন্নয়ন। তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হল বিশাল বড় মহাযজ্ঞ। পুজোয় বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো, মন্ত্রপাঠ, যজ্ঞ একের পর এক করলেন নিয়ম মেনেই। অভিষেকের পাশে পুজোয় বসতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়কেও। হাতে ধরে আরতি অঞ্জলি দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

কালীঘাটের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতে কালীভক্ত, শাক্ত। মমতার বাড়িতে কালীপুজোর অনুষ্ঠান খুব বড় করেও হয়। কিন্ত শুক্রবারের পুজোয় দেখা গেল বাড়ির কনফারেন্স হলে পুজো করছেন পুরী মন্দিরের প্রধান সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি। তাঁর সামনেই মুখে মাস্ক পরে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহল মনে করছে, আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই হয়ত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল দলে অন্তত সেটাই রীতি। ভোট ঘোষণার দিন বা তার পরের দিন ঘোষণা হয়ে যায় প্রার্থী তালিকা। তার আগেই ধুমধাম করে পুজো রাজনৈতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোট বৈতরণী যাতে নির্বিঘ্নে পার করা যায়, তার জন্য এদিন এই পুজোর আয়োজন বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *