অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৮ সেপ্টেম্বর: প্রাণের ঝুঁকি নিয়ে ৪০ ফুট কুঁয়ো থেকে ষাঁড় উদ্ধারে দমকল কর্মীদের সাথে হাত লাগালেন সিভিক ভলান্টিয়ার। পরিত্যক্ত কুঁয়োতে পড়ে যাওয়া ষাঁড় দমকল কর্মীরা উদ্ধারের সময় প্রাণের ঝুঁকি নিয়ে কুঁয়োতে নেমে কুঁয়োর রিংয়ে আটকে থাকা ষাঁড়ের সিং বের করে উদ্ধারকার্যে সাহায্য করলেন ঝাড়গ্ৰাম জেলার বেলিয়াবেড়া থানার সিভিক ভলান্টিয়ার জগদীশ পাত্র।
জানা গেছে, রবিবার দুপুর নাগাদ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ধডাংরী গ্রামে দুটো ষাঁড়ের লড়াই লাগে।এমন সময় পাশের একটি পরিত্যক্ত কুঁয়োতে পড়ে যায় একটি ষাঁড়। তখন স্থানীয়রা খবর দেয় বেলিয়াবেড়া থানায়। থানা থেকে খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে কুঁয়োতে জল ভরাট করে ষাঁড়টি উদ্ধারের চেষ্টা চালান। এমন সময় কুঁয়োর রিংয়ে আটকে যায় ষাঁড়ের সিং। সেই সময় দমকল কর্মীরা কুঁয়োতে নামতে ইতস্তত করলে বেলিয়াবেড়া থানার সিভিক ভলান্টিয়ার জগদীশ পাত্র প্রাণের ঝুঁকি নিয়ে কুঁয়োতে নেমে ষাঁড় উদ্ধারে হাত লাগান। অবশেষে দমকল কর্মীরা কাজে সফলতা পান।


