আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ মার্চ: রাতভর চলা বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো জগদ্দল ও নোয়াপাড়া থানা এলাকা। ইছাপুর বিধান পল্লী খালপাড় এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। অভিযোগ, দুষ্কৃতীরা সোমবার গভীর রাতে এলাকার একটি ফাঁকা মাঠে বেশ কয়েকটি বোমা মারে। তার মধ্যে ৪ থেকে ৫ টি বোমা ফাটলেও কয়েকটি বোমা ফাটেনি। ব্যাপক বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পুলিশে খবর গেলে ভোরবেলা নোয়াপাড়া থানার পুলিশ ও জগদ্দল থানার পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনা নিয়ে বলতে গিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এলাকায় বেশ কিছু দিন ধরেই অসামাজিক কাজকর্ম করছে একদল দুষ্কৃতী, যে কারণেই এই ধরনের বোমাবাজির ঘটনা ঘটেছে।
অপরদিকে নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ বসু জানান, এলাকায় বেশ কিছু অসামাজিক কাজকর্ম হয় যার ফলে এমন ধরনের ঘটনা ঘটেছে। পুলিশের কাছে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

