আমাদের ভারত, কলকাতা, ২৯ মার্চ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে উপাচার্যকে পড়ুয়াদের সংগঠন ‘ফেটসু’-র ঘেরাওয়ে প্রতিবাদ জানাল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)।
মঙ্গলবারর সংগঠনের যাদবপুর বিশ্ববিদ্যালয় স্থানীয় শাখার পক্ষে গৌতম মাইতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “আজ আবুটার যাদবপুর বিশ্ববিদ্যালয় লোকাল চ্যাপ্টারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি স্মারকলিপি জমা দিয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে ‘ফেটসু’-র ঘেরাওয়ের পরিপ্রেক্ষিতে আবুটার প্রতিক্রিয়া জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে-
ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা অনলাইন মোডে সম্পন্ন করার দাবিতে, ফেটসু গতকাল থেকে যেভাবে উপাচার্য, সহ-উপাচার্য, অন্যান্য আধিকারিক ও শিক্ষকদের ঘেরাও করেছে, আমরা মনে করি তা সম্পূর্ণ অসঙ্গত ও অবাঞ্ছিত।
বিভিন্ন সময়ে নানান অসঙ্গত দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃপক্ষকে ঘেরাও করে, চাপ দিয়ে যেভাবে দাবি আদায় করা হয়, তা কোনোভাবেই প্রতিবাদ-আন্দোলনের কাঙ্ক্ষিত নৈতিকতা ও রুচি- সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এমনকি এধরণের দাবির সঙ্গে বৃহত্তর ছাত্র সমাজেরও কোন যোগ নেই! অন্যায্য ও অসঙ্গত দাবি নিয়ে বারবার ঘেরাও চলার ফলে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন একাডেমিক ও সংশ্লিষ্ট প্রশাসনিক কাজকর্মে যেভাবে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক!
এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবুটার দাবিঃ
১) যেহেতু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সমস্ত বিভাগের বিওএস অফলাইন পরীক্ষার পক্ষে মত দিয়েছে, এবং তার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন বোর্ড সর্বসম্মতিক্রমে অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে। অনলাইনে পরীক্ষা হলে শিক্ষকরা সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেনা।
২) চাপের কাছে নতি স্বীকার করে পরীক্ষা ব্যবস্থায় কোনোরকম অনিয়ম করা চলবেনা। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ছাত্রদের লাগাতার অবৈধ হস্তক্ষেপ করার প্রচেষ্টা রদ করার সম্পূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে।
৩) পরীক্ষা পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে পরীক্ষা-নিয়ামক দপ্তরকে নিতে হবে।
৪) বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির জরুরি সভা ডেকে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন একাডেমিক সংশ্লিষ্ট প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

