আমাদের ভারত, ৯ জুলাই: তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তাবিত সমাবেশে অধ্যাপকদের হাজিরার প্রসঙ্গে সমালোচনা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা ‘শিক্ষা বাঁচাও কমিটি’-র কর্মকর্তা তরুণ নস্কর।
শনিবার তরুণবাবু এই প্রতিবেদককে জানান, “শিক্ষক অধ্যাপকরা প্রত্যক্ষ রাজনীতি করতেই পারেন। কিন্তু তৃণমূল যেভাবে সরকার চালাচ্ছে তাতে শিক্ষার ক্ষতি হচ্ছে সব থেকে বেশি। ১) করোনা অতিমারির পর স্কুল খুলতে দীর্ঘদিন গড়িমসি করেছে। পাড়ায় শিক্ষালয়ের প্রহসন কাটিয়ে অভিভাবকদের চাপে স্কুল খুলে পড়াশোনার ছন্দে ফিরতে না ফিরতেই গ্রীষ্মের ছুটির নামে আবার দেড় মাস ছুটি। অভিভাবকরা আতঙ্কে আছেন আবার কোন অজুহাতে সরকার ছুটি ঘোষণা করে। ২) এসএসসি দুর্নীতিতে সরকারের বড় বড় নেতা-মন্ত্রী যেভাবে যুক্ত এবং যেভাবে ফেল করা, পরীক্ষা না দেওয়া প্রার্থীদের শিক্ষকতার চাকুরি দিয়েছে তা শিক্ষক সমাজের কাছ অপমান। ৩) পিপিপি মডেল যেভাবে স্কুল শিক্ষায় লাগু করতে চাইছে তা বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করার নামান্তর। এই পরিস্থিতিতে কেন শিক্ষকরা তৃণমূলের মঞ্চে যাবেন?”

