আমাদের ভারত, কলকাতা, ২ নভেম্বর: ‘বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ’— এই মর্মে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক গেটে সম্প্রতি বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হয়। এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন সেখানকার পড়ুয়াদের একাংশ। শুরু হয় চাপানউতোর। এই বিতর্কের জেরে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকেন কর্তৃপক্ষ।
পড়ুয়াদের দাবি, তাঁদের মত না নিয়েই এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সম্প্রতি একটি গেটের বিজ্ঞপ্তিতে কালিও লেপে দেওয়া হয়। যদিও তার দায় কেউ নেননি। মঙ্গলবার ওই সব বিজ্ঞপ্তি ঢেকে দেন তাঁরা।
তবে সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (আবুটা) যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে গৌতম মাইতি বুধবার সন্ধ্যায় এই প্রতিবেদককে জানান, “যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের সমস্যা নিয়ে আজ সংশ্লিষ্টদের সভায় যেভাবে সিদ্ধান্ত নেওয়া হল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অবাধে মাদক দ্রব্যের ব্যবহার ও অরাজক পরিস্থিতি চলা সত্বেও প্রশাসন যেভাবে নিষ্ক্রীয় হয়ে থাকছে তা চরম উদ্বেগজনক।
বিজ্ঞপ্তিতে ছিল- ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’। প্রশাসন জানে না কে এই বিজ্ঞপ্তি লাগিয়েছে! বিজ্ঞপ্তি খুলে নেওয়া হবে। শিক্ষার সুস্থ পরিবেশ ক্যাম্পাসে অনুপস্থিত। আমরা মনে করি প্রশাসনিক ব্যর্থতাই এধরনের চরম নৈরাজ্যজনক পরিস্থিতির জন্য দায়ী।”

