আমাদের ভারত, ১০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যুর জন্য এপিডিআর দায়ী করল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও রাজ্য সরকারের শিক্ষা দফতরকে। কারণ তাদের বিরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য নেই।
বৃহস্পতিবার এই মন্তব্য করে এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, “বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয় প্রশাসনে টালমাটাল অবস্থা। অস্থায়ী উপাচার্য। কেউই কিছুর দায়িত্ব নিতে রাজি হয় না। তারই প্রতিফলন ঘটেছে এই মৃত্যুতে। এর ফলে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি।
আমরা সমগ্র ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। কারণ আইআইটি, খড়্গপুরের ক্ষেত্রে দেখাগেছে পুলিশ ভুল ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছে। খুনকে আত্মহত্যা বলে রিপোর্ট দিয়েছে বলে অভিযোগ। তাই যাদবপুরের ক্ষেত্রে সাবধান হওয়া দরকার। তাই কর্মরত বিচারপতিকে প্রধান করে তদন্ত কমিটি তৈরি করে তদন্ত হোক। নাহলে সত্য উদঘাটন নিয়ে গভীর সন্দেহ থেকে যাবে।
স্বপ্নদীপের ঘটনা থেকে শিক্ষা নিন রাজ্যপাল। উপাচার্য নিয়োগ নিয়ে এক্তিয়ারের বাইরে কাজ করা থেকে বিরত থাকুন। রাজ্য সরকারও রাজ্যপালের সঙ্গে বিরোধ মিটিয়ে একযোগ কাজ করুন।”

