আমাদের ভারত, ২৮ মার্চ: বিরোধী বিভিন্ন দলের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির সমালোচনা করলেন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
মান্নান মঙ্গলবার জানান, “তৃণমূল নেত্রী সব বিরোধী দলের কাছে চিঠি লিখে আবেদন করেছেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। খুবই হাস্যকর ব্যাপার। বিজেপি দলের গর্ভে এই দলের জন্ম। তাঁরই হাত ধরে এ রাজ্যে বিজেপি প্রবেশ করল এবং তিনি কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, দফতররবিহীন মন্ত্রী হয়ে ওই দলের তোষামোদ করলেন।
১৯৯৮, ১৯৯৯, ২০০৪ লোকসভা এবং ২০০৬ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসকে পরাস্ত করতে আপ্রাণ চেষ্টা করলেন। শুধু তাই নয় নাগপুরে গিয়ে আরএসএস-এর প্রধান কার্যালয়ে ভিজিটরদের বইতে এই সংগঠনের ভূয়সী প্রশংসা করে নেত্রী নিজের মন্তব্য নথিভুক্ত করলেন।
সম্প্রতি গোয়া, মণিপুর ত্রিপুরা সহ কয়েকটি ছোট রাজ্যে বিজেপি র পক্ষে তাঁর গোপন ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেছে। দিদি মোদীর গোপন আঁতাতের জন্যই আট বছর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্বেও বিভিন্ন কেলেঙ্কারি ও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে সিবিআই কোনও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু হুমকি ছাড়া। তাই সত্যি সত্যিই বিজেপি বিরোধী দলগুলো প্রকৃত বিজেপি বিরোধী মানুষকে নিয়ে আগামী দিনে লড়াই করবে। তৃণমূলের মত বিজেপি-র বি টিম বা মেকি বিজেপি বিরোধীদের সঙ্গে নিয়ে নয়।”

