স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটর বাইক সহ দু’জনকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, ধৃত রাজীব আলি সুরুন ১ নম্বর অঞ্চলের ডামডোলিয়া গ্রামের বাসিন্দা এবং অপরজন অমৃতলাল বর্মন সুরুন ২ নম্বর অঞ্চলের কোটা গ্রামের বাসিন্দা।

জানাগেছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সুরুন এক অঞ্চলের ডামডোলিয়া গ্রামে এবং সুরুন দুই অঞ্চলের কোটার গ্রামে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি তাদের বাড়ি থেকে তিনটি চোরাই মোটরবাইক উদ্ধার করে পুলিশ। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরোও পাঁচটি মোটরবাইক উদ্ধার করা হয়। বুধবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, বেশকিছু দিন ধরেই ইটাহার ব্লকের বিভিন্ন এলাকা থেকে মোটর বাইক চুরির অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে। সেইসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েই এই সাফল্য বলে পুলিশ সূত্রে
জানা গিয়েছে।

